প্রবাসে ঐক্যের নতুন যাত্রা — নিউইয়র্কে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর ৪১ সদস্যের শক্তিশালী কমিটি ঘোষণা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী কবিরহাটবাসীদের ভালোবাসা, স্বপ্ন, শেকড়ের টান এবং সামাজিক ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর ৪১ সদস্যের নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের এই সূচনা প্রবাসে থাকা কবিরহাটবাসীদের জন্য নতুন আশা, নতুন সম্ভাবনা এবং আগামী দিনের পথচলায় একটি শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
একটি তরুণ, উদ্যমী, স্বপ্নবাজ ও ইনোভেটিভ টিম—যারা প্রবাসে থেকেও মাটির গন্ধ, শেকড়ের টান ও এলাকার প্রতি অগাধ ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে—তাদের হাত ধরেই গড়ে উঠেছে এই কমিটি। উদ্দেশ্য একটাই: প্রবাসে ছড়িয়ে থাকা সব কবিরহাটবাসীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করা, যেখানে ভালোবাসা হবে তাদের শক্তি, সম্মান হবে ভিত্তি এবং সেবা হবে পরিচয়।
গত ৫ অক্টোবর নিউইয়র্কের ব্রুকলিনের ওজন পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর গঠিত হয় উপদেষ্টা পরিষদ। পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৬ নভেম্বর সন্ধ্যায় আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. সাহাব উদ্দিন চৌধুরী।
ঘোষিত কমিটির গুরুত্বপূর্ণ পদধারীরা হলেন , সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন ,সহ-সভাপতি: আবু নাছের চৌধুরী (কচি), মো. ইলিয়াছ বাটু, মোতাহের হোসেন (টিপু), রানা চৌধুরী ও সোফায়েত উদ্দীন , সাধারণ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল বাসার জাহিদ, মঈনুল হোসেন ফরহাদ, মাঈন উদ্দিন রিংকু, কামাল হোসেন ও মো. আল আমিন (স্বপন) , সাংগঠনিক সম্পাদক: আনোয়ার শাদাত , প্রচার সম্পাদক: শাহাদাত এমরান , অর্থ সম্পাদক: জামসেদুর রহমান , দপ্তর সম্পাদক: জামসেদ আল মাঈন শাকিল সহ মোট ৪১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি প্রবাসী কবিরহাট কমিউনিটিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
নবনির্বাচিত সদস্যরা বলেন, প্রবাসের ব্যস্ততা ও দূরত্ব সত্ত্বেও “কবিরহাট” নামটি তাঁদের কাছে শেকড়, মাটি ও অসীম ভালোবাসার প্রতীক। এই দায়িত্ব তাঁদেরকে নিজ এলাকার মানুষের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে, এবং প্রবাসে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা জানান, এই কমিটি শুধু একটি সংগঠন নয়—এটি একটি অনুভূতি, একটি দায়বদ্ধতা এবং একটি দীর্ঘমেয়াদি স্বপ্ন। তরুণ নেতৃত্বের এই টিম প্রবাসেও এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক শক্তিকে সমুন্নত রাখতে কাজ করবে। নতুন কমিটিকে এগিয়ে নিতে কমিউনিটির সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্বাস করেন, এই নতুন যাত্রা প্রবাসে একটি সম্মানিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী কবিরহাট কমিউনিটি গড়ে তুলবে—যা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও আলোকিত করবে।



















