তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাসে দেশজুড়ে দোয়ার আবহ: গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতির প্রার্থনা অব্যাহত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সারাদেশে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দল-মত-নির্বিশেষে দেশ-বিদেশের কোটি মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাচ্ছেন।
মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার পাশাপাশি চিকিৎসার সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশে ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন।
একাধিক বন্ধু প্রতীম রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস জানানো হয়েছে।
এমন সময় বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তিনি লেখেন,
— “মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনও সন্তানের মতোই আমারও রয়েছে। কিন্তু এ বিষয়ে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি অনুকূল হলেই স্বদেশে ফিরে মায়ের পাশে দাঁড়ানোর প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী।”
তারেক রহমান দেশের সর্বস্তরের মানুষকে তাঁর মায়ের সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে—সবখানে এখন একটি প্রার্থনা:
বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
— প্রজ্ঞা নিউজ



















