Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: প্রেমের পদ্য— মূল : মিতালী গগৈ কোয়র (অসমিয়া); ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী

কবিতা: প্রেমের পদ্য— মূল : মিতালী গগৈ কোয়র (অসমিয়া);  ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী

কবিতা: প্রেমের পদ্য— মূল : মিতালী গগৈ কোয়র (অসমিয়া); ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী

প্রেমের পদ্য 
মূল : মিতালী গগৈ কোয়র (অসমিয়া)
ভাষান্তর : সত্যজিৎ চৌধুরী 

সবুজ হৃদয়টি মাঝে মাঝে 
রক্তরাঙা আবির খেলতে ইচ্ছে করে 
তাই হয়তো আকাশে জুঁইফুল ফুটেছে 
মনের গালিচাও ফুলে পরিপূর্ণ।

কিন্তু কী আশ্চর্য !
ফুলের গালিচার নিচে দেখি 
একটি বিষাদের চাদর।

সেই যে চেনা চেনা লাগা 
অপরিচিত মানুষগুলো 

ভুলব না ভুলব না করেও 
না ভুলা কথাগুলো 

থাকবে থাকবে বলে 
পার হয়ে যাওয়া সময়গুলো 

প্ৰেম প্ৰেম লাগা 
অপ্রেমের সম্পর্কগুলো 

পাখনা মেলা পাখির মতোই 
ওড়ে যায় সন্তর্পণে 
অথচ এমন লাগে যেন 
হাতের মুঠোয় ধরে রেখেছি 

একটি প্রেমের পদ্য লিখতে বসে 
মনে করছি অপরিচিত হয়ে যাওয়া 
চেনা দিনগুলো 
অপেক্ষা, আদর, অভিমান, আধিপত্য 
জেনে না জেনে হাতটি ছুঁয়ে দেখার আকাংক্ষা

প্রেমের পদ্য 
কোথা থেকে শুরু করে কোথায় শেষ করি?

বইমেলার সারি সারি বইয়ের মাঝে 
কফিহাউসের এক কোণে 
গলির মুখে চায়ের আড্ডায় 
না পথ চেয়ে চেয়ে চোখে ধূসর দেখা 
অবিরাম গাড়ির মাঝে 

প্রেমের গদ্য এখন কিভাবে সাজাব
পয়ার, ছন্দ, উপমা সবই যে হারিয়ে গেল 
আবেগের তুলিতে আঁকতে পারলাম না
প্ৰেমহীন হৃদয়ের ক্যানভাসে।

তাই বিষাদের চাদরটি 
পুনরায় ঢেকে রাখি জুঁইফুলের 
রঙীন গালিচায়।
আকাশে জুঁইফুল ফুটেছে।