দ. কোরিয়া সফরের জন্য প্রস্তুতি ট্রাম্পের: কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। হোয়াইট হাউজের তিন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সফরের উদ্দেশ্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশগ্রহণ, যা দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের শুরুর মধ্যে অনুষ্ঠিত হবে।
এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন অনেকে। যদিও এখনো বৈঠক চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন যে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। গত মাসে এক ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। যার পাল্টা আমন্ত্রণও ট্রাম্প দিয়েছেন, তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরের বিষয়টি বিবেচনায় রয়েছে, যেখানে অর্থনৈতিক সহযোগিতাই মূল ফোকাস হবে। এছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার মতো ইস্যুগুলোও আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।
সফরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আরও বিদেশি বিনিয়োগ আনয়নের সুযোগ হিসেবে এটি ব্যবহার করতে পারেন, যেমনটি তিনি তার পূর্ববর্তী সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরেও করেছেন।
এই সফর প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিম সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে রাজি। এ ব্যপারে ডোনাল্ড ট্রাম্প বলেন, কিম আমার সঙ্গে দেখা করতে চায়। আমি দেখা করবো এবং আমরা কথা বলবো। সূত্র: সিএনএন



















