৭১’র কক্ষপথের প্রতিবাদ সমাবেশ আজ নিউইয়র্কের জুইস সেন্টারে অনুষ্ঠিত হবে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৭২ সালের সংবিধানের মর্যাদা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালত ও আইনজীবীদের স্বাধীনতা রক্ষার দাবিতে নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘কক্ষপথ–৭১’ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশটি অনুষ্ঠিত হবে আজ ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। খবর আইবিএন নিউজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমাবেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউইয়র্ক প্রবাসী আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে কালো স্যুট পরিধান করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, যাতে ন্যায়বিচার ও আইনের মর্যাদা রক্ষার প্রতীকী বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া যায়।
আয়োজকরা আরও জানান, বাংলাদেশের বর্তমান সংকটকালীন সময়ে প্রবাসীদের কণ্ঠস্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই প্রতিবাদ সমাবেশ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের গণতন্ত্র, সংবিধান ও বিচারব্যবস্থার প্রতি প্রবাসী সমাজের দায়বদ্ধতার প্রকাশ। সূত্র: হাকিকুল ইসলাম খোকন


















