Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক. আগামী নভেম্বর মাসে গৌরবময় ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনকে সামনে রেখে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সভাপতির সমাপনী বক্তব্য দেন আতাউর রহমান সেলিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহনেওয়াজ, সাবেক চেয়ারম্যান এম এ আজিজ, ডা. ওয়াদুদ ভূঁইয়া, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।


সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির একজন সদস্যের আপত্তিকর মন্তব্যে উত্তেজনার সৃষ্টি হয়, তবে পরে কর্মকর্তারা ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি শান্ত হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ সোসাইটি প্রায় ২৭ হাজার নিবন্ধিত সদস্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন। ১৯৭৫ সালে যাত্রা শুরু করে সংগঠনটি আজ প্রবাসীদের ঐক্যের প্রতীক, সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়ের ভিত্তি এবং একটি প্রভাবশালী সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। করোনা মহামারি থেকে শুরু করে নানা দুর্যোগে প্রবাসী ও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে বারবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।


প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা, ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তা, কুইন্স ও ব্রুকলিনে বাংলা স্কুল পরিচালনা, দৈনন্দিন প্রয়োজনে সহযোগিতা, এবং নিজস্ব কবরস্থান প্রতিষ্ঠার মতো কার্যক্রমের মাধ্যমে সোসাইটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অর্ধশতাব্দীর এই মাইলফলককে কেন্দ্র করে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে রয়েছে স্মরণ সভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি ও কমিউনিটি আলোচনা সভা, সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ, যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ও বিশেষ আলোচনা সভা, নতুন প্রজন্মের পরিবেশনা ও সম্মাননা প্রদান, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।


আগামী ২ নভেম্বর নিউইয়র্কের বিখ্যাত কনভেনশন হল Terrace on the Park-এ অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর মহা-উদযাপন। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজনে ইতিহাস, সংস্কৃতি, আবেগ, কৃতজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি একসঙ্গে মিলিত হবে।
সুবর্ণ জয়ন্তী উদযাপনের অন্যতম উদ্যোগ হিসেবে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে থাকবে বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য ও প্রবাসীদের গল্প। আগ্রহীদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সূত্র: সন্ধান