নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো দুর্গোৎসব
নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো দুর্গোৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হয় এবারের দুর্গোৎসব, যা পূজামণ্ডপজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে ভরে তোলে প্রবাসী হিন্দু সম্প্রদায়কে।
সাজসজ্জায় সেজে ওঠা মণ্ডপে প্রতিমার শোভা ও ভক্তদের ঢল সৃষ্টি করে এক অনন্য আধ্যাত্মিক আবহ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, পূজার্চনা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মাধ্যমে সপ্তমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন ভক্তদের মন মাতিয়ে গান পরিবেশন করেন নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্য। তাঁর গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
এছাড়াও পূজামণ্ডপে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন নানা ধর্ম-বর্ণের মানুষ। একসাথে পূজা উপভোগ করা ও মিলনমেলার আবহ সৃষ্টি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দুর্গোৎসব প্রবাসীদের মাঝে ধর্মীয় আবেগের পাশাপাশি ঐক্যের সেতুবন্ধন রচনা করে। প্রবাসে থেকেও মাতৃভূমির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে এ উৎসবের বিশেষ ভূমিকা রয়েছে।
আগামী মঙ্গলবার মহা অষ্টমী, বুধবার নবমী এবং বৃহস্পতিবার (২ অক্টোবর) মহা দশমীর পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।



















