লং আইল্যান্ডে মুসলিম কাউন্সিল অব সাফোক কাউন্টির মাসিক সভা অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
লং আইল্যান্ডের রনকনকমা সাফোক ইসলামিক সেন্টারে গত ১৯ অক্টোবর ২০২৫, রবিবার ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয় মুসলিম কাউন্সিল অব সাফোক কাউন্টির মাসিক সভা।
সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের প্রেসিডেন্ট জনাব আসেফ বারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জিয়া খান, কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সাফোক কাউন্টির বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।
সভায় বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা, আসন্ন প্রকল্পের পরিকল্পনা এবং স্থানীয় মুসলিম সমাজের ঐক্য জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, সাফোক কাউন্টিতে বসবাসরত মুসলিমদের মাঝে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে মুসলিম কাউন্সিল অব সাফোক কাউন্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভা শেষে উপস্থিতদের জন্য সাফোক ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ব্রেকফাস্ট পরিবেশন করা হয়।
উল্লেখ্য, সাফোক কাউন্টির ২০টি মসজিদের সমন্বয়ে গঠিত এই কাউন্সিলটি প্রায় দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কাউন্সিলের লক্ষ্য—সব মসজিদ ও মুসলিম সংগঠনকে একত্রিত করে সমন্বিতভাবে সমাজসেবা, ধর্মীয় সচেতনতা এবং মুসলিম ঐক্যকে আরও দৃঢ় করা।
প্রতি মাসে কাউন্সিলের মাসিক সভা এই ২০টি মসজিদের যে কোনো একটিতে আয়োজিত হয়। এছাড়া প্রতিবছর কাউন্সিলের উদ্যোগে পিকনিক, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় মিলনমেলার আয়োজন করা হয়—যা সাফোকের মুসলিম সমাজে একতার সেতুবন্ধন রচনা করছে।



















