নিউইয়র্কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাঁকজমকপূর্ণ পূজা পুনর্মিলনী
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ১০ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্কের উদ্যোগে উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পূজা পুনর্মিলনী উৎসব ২০২৫। প্রবাসের বাঙালিদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন, যেখানে ধর্মীয় সৌহার্দ্য, সাংস্কৃতিক আবেগ ও সামাজিক বন্ধনের অনন্য সমন্বয় দেখা যায়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি পলাশ রায় এবং সাধারণ সম্পাদক কমলেশ বাছাড় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মণ্ডলী, কমিটির সদস্য ও অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ভজন সরকার, অপূর্ব পাল, দীপক সাহা, পরিমল কান্তি নাথ, বরুন পাল, পল্লব সরকার, শ্যামল রুদ্র, অনিমেষ রায়, সুমন চৌধুরী, সুজন রায়, শ্যামল কর প্রমুখ।
এছাড়া রমাকান্ত বিশ্বাস, বিকাশ সরকার, সহ-সভাপতি প্রদীপ সূত্রধর ও রূপন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক সুমন দাস ও কৃষ্ণ রায়, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দাস, প্রচার সম্পাদক ঝলক রায়, সহ-প্রচার সম্পাদক কৃষ্ণ দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নয়ন বোস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সৌমেন বিশ্বাস, এবং সাজসজ্জা বিষয়ক সম্পাদক কৃষান দাস উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সম্পাদক চম্পা নন্দী সরকারের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণা তিথি, সহ-সভাপতি রূপন দেবনাথ, সহ-সভাপতি নিত্যানন্দ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সরকারসহ সংগঠনের সদস্য পরিবারের সন্তানরা একে একে গান পরিবেশন করেন। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত ফ্যাশন শো, যা উৎসবের আবহকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তোলে। সমাপনী পর্বে সভাপতি পলাশ রায় ও সাধারণ সম্পাদক কমলেশ বাছাড় উপস্থিত অতিথি, উপদেষ্টা ও সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন।
“সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের কারণেই এ বছরের পূজা পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন প্রবাসে বাঙালিয়ানা, ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”উডসাইডের এই পূজা পুনর্মিলনী শুধু ধর্মীয় উৎসব নয়— এটি প্রবাসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ঐক্য, আন্তরিকতা ও সংস্কৃতিপ্রেমের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।



















