কানাডায় অস্থায়ী কর্মীদের জন্য বড় সুযোগ: ২০২৬–২৭ সালে ৩৩ হাজার বিদেশি শ্রমিককে স্থায়ী নাগরিকত্ব দেবে সরকার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
কানাডা সরকার ঘোষণা করেছে—২০২৬ ও ২০২৭ সালে অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী সর্বোচ্চ ৩৩ হাজার বিদেশি শ্রমিককে স্থায়ী নাগরিকত্ব (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অন্তর্ভুক্ত হয়েছে ২০২৫ সালের ফেডারেল বাজেটে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছে।
সরকার বলছে, এই উদ্যোগ কানাডার শ্রমবাজার ও অর্থনীতিতে দীর্ঘদিনের দক্ষ কর্মী সংকট মোকাবিলায় সহায়ক হবে—একই সঙ্গে অস্থায়ীভাবে কাজ করা হাজারো বিদেশির জন্য এটি হবে স্থায়ীভাবে কানাডায় বসবাসের একটি ঐতিহাসিক সুযোগ।
২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য রাখা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার—যা ২০২৫ সালের লক্ষ্য থেকে প্রায় ৪৩% কম।
এর মধ্যে ,আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণ প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার”অস্থায়ী বিদেশি শ্রমিকের লক্ষ্য ৩৭% কমিয়ে ২ লাখ ৩০ হাজার ।
সরকারের ব্যাখ্যা—এটি কোনোরূপ অবরোধ নয়; বরং শ্রমবাজারের ভারসাম্য বজায় রাখা এবং অবকাঠামোর ওপর চাপ কমানোর জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
চলতি বছর (জানুয়ারি–আগস্ট) লক্ষ্য পূরণে বড় ঘাটতি রয়েছে, অস্থায়ী বিদেশি শ্রমিক প্রবেশ করেছে মাত্র ৪২%,আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছে ২৯%।
২০২৬ সালে পিআর প্রদানের মোট লক্ষ্য থাকছে ৩ লাখ ৮০ হাজার, যার মধ্যে ,অর্থনৈতিক অভিবাসন: ২ লাখ ৩৯ হাজার ৮০০,পারিবারিক পুনর্মিলন: ৮৪ হাজার ,শরণার্থী/মানবিক ক্যাটাগরি: ৫৬ হাজার ২০০ ।বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অভিবাসনে উচ্চ লক্ষ্য বজায় রাখাই প্রমাণ করে—কানাডা দক্ষ কর্মীদের দীর্ঘমেয়াদি অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
বাজেটে বিশেষভাবে তুলে ধরা হয়েছে যে, কানাডার গ্রামীণ অঞ্চল ও ছোট শহরগুলোতে দীর্ঘদিনের শ্রমিক সংকট সমাধানের জন্য অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে রাখার প্রক্রিয়া সহজ করা হবে।
শুল্কবিধি পরিবর্তন, খরচ বৃদ্ধি ও ব্যবসায়িক ধীরগতির কারণে এসব অঞ্চলে শ্রমের চাহিদা তীব্র—তাই দক্ষ বিদেশি কর্মীদের ধরে রাখায় জোর দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইতোমধ্যে জানিয়েছেন—টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP) পুনর্গঠন করা হবে, যাতে নির্দিষ্ট খাত ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে মিল থাকে।
বিশেষজ্ঞদের ধারণা—ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (IMP)-এর আওতায় ওয়ার্ক পারমিট ইস্যু আরও বাড়তে পারে।
সরকার বলছে, লক্ষ্য কমানো মানে অস্থায়ী কর্মীদের প্রবেশ বন্ধ করা নয়; বরং দীর্ঘমেয়াদি অভিবাসন কাঠামোকে ভারসাম্যপূর্ণ করা।
বিশ্লেষকদের মতে, এটি কানাডার অর্থনীতি ও জনসংখ্যাগত ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পুনর্গঠন—যা শ্রমবাজারকে স্থিতিশীল করবে এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য স্থায়ী হওয়ার বড় সুযোগ সৃষ্টি করবে।সূত্র: হাকিকুল ইসলাম খোকন।



















