বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু মহা সঙ্ঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের মহাপ্রয়াণে বিশ্ব বৌদ্ধ সমাজে গভীর শোক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, ‘বাংলাদেশ সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভা’র মহামান্য ত্রয়োদশ সঙ্ঘরাজ, অগ্রমহাপণ্ডিত ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের পরলোকগমন করেছেন। গত ১৩ নভেম্বর চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। শতবর্ষীয় এই প্রজ্ঞাময় ভিক্ষুসাধকের মহাপ্রয়াণে দেশ-বিদেশের বৌদ্ধসমাজে নেমে এসেছে গভীর শোক।
আজীবন মানবকল্যাণ ও সদ্ধর্ম প্রচারে নিবেদিত মহা সঙ্ঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের ‘বহুজন হিতায়, বহুজন সুখায়’ — বুদ্ধের এই আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, সঙ্ঘারাম ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র। সমতল অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম পার্বত্য এলাকার অনগ্রসর বৌদ্ধ জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও জীবনমান উন্নয়নে তাঁর অবদান অনন্য।
জীবনব্যাপী সেবা ও সদ্ধর্ম প্রচারের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা— একুশে পদক। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন ধর্মীয় ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান তাঁকে অসংখ্য সম্মাননা ও অভিধায় ভূষিত করেছে। বিশ্ব বৌদ্ধ সমাজ, আন্তর্জাতিক সংস্থা, পণ্ডিত ও ধর্মীয় গুরু তাঁর মহাপ্রয়াণে গভীর শোক ও অনিত্য বাণী প্রেরণ করেছেন।
মহামান্য সঙ্ঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের পারলৌকিক মঙ্গল ও নির্বাণ সুখ কামনায় নিউ ইয়র্কের সম্মিলিত বাংলাদেশী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে সংঘদান, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রস্তুতি চলছে খবর : প্রেস বিজ্ঞপ্তি



















